10.12.22

Bengali Poem Rater Akash By Monoranjan Das



 

রাতের আকাশ 

মনোরঞ্জন দাস 


আজ রজত খুবই ক্লান্ত ,

ঠিক যেমন রাতের আকাশ শান্ত। 

সারাদিনের ধকল আর কত সইবে ,

শরীর কি চিরদিন একই রকম চলবে। 

জীবনের সেই শুরু থেকেই চলেছে ,

অভাব অনটনের ধারাবাহিকতা আজও রয়েছে। 

শৈশব থেকেই বয়ে চলেছে দারিদ্রের তরণী ,

তার সংসারের ভার বইতে বিরক্ত ধরণী। 

অভাবের রান্নাঘরে কদাচিৎ ব্যঞ্জনের সুবাস ওঠে ,

সেদিন হয়ত পরিবারের সদস্যদের কপালে অন্ন জোটে। 

পিতা -মাতার বয়স তারপর অসুস্থ শরীর ,

তাঁদেরকে না দিতে পারে অল্প দুধ না একটু ক্ষীর। 

তারপর বাড়িতে রয়েছে বিয়ের উপযুক্ত অপর্ণা ,

তার বিয়ের জন্য নিত্যদিনের মিথ্যে শান্তনা। 

যেখানেই যাকে পাই একবার শুধিয়ে নেয়  ,

ও দাদা তোমার জানা কোনো ভালো পাত্র নেই। 

দু মুঠো অন্ন মুখে তুলে দেওয়ার ক্ষমতা নেই তার ,

তাও বোনের বিয়ে দেওয়ার কত আবদার। 

গরিবের যে কোনো রকম আহামরি স্বপ্ন দেখতে নেই ,

এটা তাই চলে আসছে সমাজে শুরু থেকেই। 

চিরকাল এই সমাজে ধনীরাই বিলাসিতার অধিকারী ,

গরিবরা হল তাদের কাছে আশ্রয়হীন ভিখারি। 

অবশেষে অতি ধনী পরিবারে বিয়ের সমন্ধ এল ,

পরিবারের সকলের আর আনন্দের ধারা ধরে না ,

কি করবে আজ কিছুই ভেবে পায় না অপর্ণা। 

রাজনগরের জমিদার তারা ,বিশাল তাদের জমিদারি ,

আকাশে ফুটবে বাজি কত রঙ বাহারি। 

বহু লোকের সমহারে গমগম করবে জমিদারি ,

আর কেউ পারবে না করতে বাহাদুরি। 

বরের বয়স প্রায় পঞ্চান্ন ,

পাত্রী খুঁজেছে তাই তন্ন তন্ন। 

এটা তার তৃতীয় পক্ষ ,

পালিয়ে বেঁচেছে আগের দুই পক্ষ। 

অতীতের ইতিহাসের যেন পুনারাবৃত্তি ঘটছে ,

বুড়ো বরের সাথে এক নাবালিকার বিয়ে হচ্ছে। 

আশ্চর্য ব্যাপার ,

মনে হচ্ছে পড়ছি কোনো গল্প পুনর্বার। 

মনে যেমন আনন্দের ফুল ফুটেছে ,

ঠিক তেমনি দুশ্চিন্তার কালো মেঘে ঢেকেছে। 

এই গরিবের জ্বালা ,

সর্বদা হাতে নিয়েই ঘোরে বিষের পেয়ালা। 

অপর্ণারই বা দোষ কি বলো ,

জন্মটাই যে দরিদ্রের কুটিরে হলো। 

নিজে যে বিয়ের বিপক্ষে যাবে ,

তাহলে পরিবারের সকলে অনাহারে মরবে। 

এ যেন স্বজ্ঞানে অগ্নি কুণ্ডে ঝাঁপ দেওয়া ,

বুঝতেই পারছো , সমাজে বেঁচে থাকা কি হাতের মোয়া। 

বিয়ে হবে তার ,

বাড়িতে হবে বহু লোকের সমাহার। 

আলোয় ভরে উঠবে মুখার্জী বাড়ির চতুর্দিক ,

সানাইয়ের সুরে মোহিত হবে বান্ধবীদের একাধিক। 

কত রকমারি রান্না ,

সকলেই কব্জি ডুবিয়ে যত  খুশি খান না। 

কমলা রাইস ,কচি পাঁঠার মাংসের ঝোল ,

দেখো যেন হয় না কারো পেটের গণ্ডগোল। 

রাজভোগ , রাবড়ি ,সন্দেশ ও সীতাভোগ ,

থাকবে না কোনো ত্রুটি কিংবা অভিযোগ। 

বুড়ো বর আসবে নতুন পালকি করে ,

আলোচনা শুরু হয়েছে প্রতি ঘরে ঘরে। 

সকল স্বপ্ন সত্যি হবে রজতের এবার ,

তাই তার চোখে জল ঝরছে বারবার। 

বৃদ্ধ পিতা -মাতার ভার নিয়েছে মাথায় তুলে ,

বোনকে সাজিয়ে দিল রজনীগন্ধার ফুলে। 

বোন গেল শ্বশুর বাড়ি স্বজনদের ছেড়ে ,

 ক দিন পরেই স্বামী তার অসুস্থ হয়ে পড়ে। 

 বহু ডাক্তার ,কবিরাজ হল সকলেই বিফল ,

গলা দিয়ে নামছে না এক ফোঁটা জল। 

হটাৎ একদিন জমিদার বাড়িতে নেমে এল ঘোর আঁধার ,

চিরদিনের মতো চলে গেল স্বামী যে তার। 

শোকের যন্ত্রণা সইতে না পেরে ,

মৃত্যুর কাছে গেল সে হেরে। 

বোনের চিতায় দাদা আগুন দেবে কিভাবে ?

আদর করে মানুষ করেছে , অতি অভাবে। 

দাউ দাউ করে জ্বলে উঠল বোনের চিতা ,

এদিকে শেষ নিঃশাস ত্যাগ করল পিতা - মাতা। 

সব কিছু হারিয়ে গেল মুহুর্তের মধ্যে জীবনের ,

আজ সব কলি শুকিয়ে রজতের বাগানের। 

মরুভূমির মরীচিকার মতো ক্ষণিকেই মিলিয়ে গেল ,

জীবনের জলজাহাজ জলের তলায় তলিয়ে গেল। 

চতুর্দিক কালো আঁধারে ভরে গেল ,

জীবনে তার অমাবস্যা নেমে এল। 

এত বড় পৃথিবীতে আজ একেবারে একা ,

থেমে গেল জীবন রথের চাকা।  

যত স্বপ্ন ছিল পুড়ে ছাই ,

আজ সে অসহায়। 

তার পাশে শুধু দুঃখের নৌকা বইবে ,

সুখের কূল ছেড়েছে সবে। 

মোহনায় এসে খালি হাতে দাঁড়িয়ে ,

চিতার গরম বাতাস যায় তাকে নাড়িয়ে। 

সারা পৃথিবী যেন একেবারে অচেনা ,

কেউ তাকে আর দাদা বলে ডাকবে না। 

কেউ এসে জড়িয়ে ধরে বলবে না ,

এক পা তুলে কোনো কিছু চাইবে না। 

হাতে তুলে দেবে না জল ভর্তি গ্লাস ,

পুকর থেকে নিয়ে আসবে না একদল হাঁস। 

সাঁজের বেলা কে জ্বালাবে প্রদীপ ঘরে ,

নিজেই আজ প্রদীপ হয়ে জ্বলছে নদীর চরে। 

আর তাকে কেউ জ্বালাবে না ,

পিতা - মাতা , বোন কেউ না। 

কেবল সাথী হয়ে রইল নীল আকাশের কিছু তারা ,

আর নীরবতায় পরিপূর্ণ রাতের আকাশ সর্বহারা। 

-----------------------

---------------------

Thanks for supporting me. Please comment, share and follow me.





https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html


 



1 comment: