দখিনা বাতাস
মনোরঞ্জন দাস
নিশ্চিন্তে ছিলাম এতদিন ,
ভেবেছিলাম এভাবেই কেটে যাবে।
কিন্তু দখিনা বাতাস এসে ,
তার পরিবর্তন ঘটিয়ে দিল।
রাত জাগা পাখিরা ,
তাদের কিচির মিচির সুরে ,
জানিয়ে দিল এর সমাপ্তি ঘটেছে,
ফাগুনের হাওয়ায় নতুন বসন্ত এসেছে।
জীবনের স্মৃতি গুলিকে আঁকড়ে ধরেছিলাম ,
ঐ সুন্দর মুহুর্ত গুলোকে হয়তো ভুলব না।
মনে পড়ে যায় প্রথম জীবনের ,
উঁকি দেওয়া ভালোবাসার --
সংসার গড়ার প্রথম অধ্যায়।
মহারানী হয়ে গিয়েছিলাম কদিনের মধ্যেই ,
মহারাজের মনের রাজ্-প্রাসাদে।
সুখে -শান্তিতে পূর্ণ ছিল প্রাসাদের-
অন্তর -বাহিরের পরিবেশ।
মনে পড়ে টুকরো টুকরো ,
প্রথম-প্রেমের সকাল-সন্ধ্যার দৃশ্যগুলি।
আশা-আকাঙ্খার ,চাওয়া-পাওয়ার ,
ইচ্ছেগুলোর পূরণ হওয়ার সময় গুলি।
আজ ঘুম ভেঙে দেখি কিছু,
চেনা-সুর আবার বাসা বাঁধছে।
তবে ফেলে আসা স্মৃতি কি -
ফিরে সাড়া জাগাচ্ছে মনে ?
বেশ তো ছিলাম একা একা,
আবার কেন ছেঁড়া বীণার তারে ,
আসে কোনো চেনা সময়ের ,
ভালোবাসার গানের সুর -বাহার।
মনে পড়ে সেই ছেলে-বেলার কথা,
যখন বাবার হাতের আঙ্গুলই ছিল ,
আমার বলে দেওয়া ইচ্ছের ,
পূরণের সেই সময় গুলো।
আদর -আবদারের , বায়নার ,ইচ্ছের --
কথা শেষ না হওয়ার --
বাবা-মায়ের ,ভাই -বোনের সেই ,
অকল্পনীয় মুহুর্ত গুলি।
তবে কেন এভাবে ভেঙে গেল ,
সেই রাজ্-প্রাসাদের স্বপ্নডালী ?
আমার মনে তো কোনোদিন ,
জাগেনি কোনো সন্দেহের কালি।
পৃথিবীর যত সুখ সব পেয়েছিলাম ,
আমি ও তাই ভরে দিয়েছিলাম উজাড় করে।
ভাবিনি এর মধ্যে কোথাও আসবে,
আবার বিচ্ছেদের অনন্ত -পালা।
শিমুল -পলাশের রঙে রাঙিয়ে দিয়েছিল ,
জীবনের সাত পাকের রামধনু।
রজনীগন্ধা ও গোলাপের সুবাসে ,
ভরিয়ে দিয়েছিল জীবনের অন্তর - রেণু।
কিন্তু কেন সীতার মনের শ্রীরামচন্দ্র ,
তার মন- প্রাণ ছেড়ে উধাও হয়ে গেল ?
একি বনবাস না শাস্তি হয়ে রইল ,
ফিরবে কি আবার সেই সপ্তম - সুরে ?
মনে পড়ে ইস্কুলের যাওয়া - আসার দিনগুলি ,
বাবা কিভাবে আকুল - প্রাণে তাকিয়ে থাকতো --
রাস্তার ধারে দাঁড়িয়ে ,কখনো বসে থাকতো ,
মীনাদের বাড়ীর সামনে অধীর অপেক্ষায়।
চারাগাছের মতো যত্ন করে বড়ো করেছে ,
তারপর মহারাজের হাতে সম্প্রদান করেছে,
আশীর্বাদ করেছে চির সুখে - শান্তিতে থাকব বলে।
কিন্তু ঈশ্বরের একি লীলা কে বলবে বলো ?
আজ তাই প্রতি মুহুর্তে মনে পড়ে ,
হিসাবের খাতার আশা - নিরাশার ঝড়ে ,
কিভাবে বদলে গেল মনের রাজপ্রাসাদ ,
পরিণত হল পাতার কুটীরে জীবন আমার।
মনের আশা মনের মধ্যেই রইল ,
জীবন আমার অসম্পূর্ন হয়ে এল।
সুন্দর গোলাপের মতো মুখখানি ,
যেন ফ্যাকাসে হয়েছে অনেক খানি।
মনে হচ্ছে আমার জীবনটা যেন ,
তাসের ঘর হালকা হাওয়ায় হয় ভগ্ন।
যেন পথের ধারে পড়ে কোনো ,
রাজপ্রাসাদ রানীর অভাবে হয়েছে রুগ্ন।
তবে কেন আবার আবীরের রঙে ,
রাঙিয়ে মন আবার রামধনু হতে চাইছে ?
একি দখিনা বাতাসের পায়চারী নাকি,
স্মৃতি গুলি আবার অতীতকে টানছে।
পাষাণ মনে কেন ঢেউয়ের দোলা লাগল ,
আমার হৃদয়ে স্বপ্নের রঙ জাগল।
কেন মন আমার প্রজাপতির নিল রূপ ,
তবে কী জীবনে আবার এল প্রেমের বিশ্বরূপ।
বনসমুদ্রে ছিলাম বেশ তো একা একা,
তবে কেন এই নব রূপে হল আবার দেখা।
ধ্যান ,জ্ঞান সব তো দিয়েছিলাম আমি,
তবু কেন সবকিছু ভেঙে দিল এই সুনামি।
অবশেষে পেলাম আমি স্বপ্নপুরী ,
যা ছিল হয়তো আমারই জন্য।
অনেক ঢেউ দিল দোলা আমারে,
জানিয়ে দিল এ ছিল আমারই অন্তরে।
দখিনা বাতাস এসে মনকে করল শান্ত ,
যা ছিল বহুদিন ধরে অবিরাম ক্লান্ত।
এখন আমার মনে জেগেছে নতুন আশা ,
প্রতি মুহুর্তে জাগছে নতুন ভালোবাসা।
আজ আমি যেন নবরূপে আবির্ভূত ,
সব মিলেমিশে আমি যেন নব বিবাহিত।
বসন্ত এসেছে আমার জীবনে আজকে ,
পৃথিবীর নতুন পরিবেশ ভালো লাগে আমাকে।
এভাবেই যেন কেটে যায় আমার জীবন ,
পুরনোকে বিদায় দিয়ে নতুনের আগমন।
-----------*******--------------
Thanks for supporting me. Please comment share and follow me.
Monoranjantalks.com
Monoranjantalks.blogspot.com
খুব সুন্দর
ReplyDelete