2.5.23

Little Story Radharani by Monoranjan Das Part -02


                                                                      

 



                                             রাধারাণী 
                                       মনোরঞ্জন দাস

                                            দ্বিতীয় অধ্যায়  

মলয় সাইকেল নিয়ে বার হল বাড়ির উদ্দেশ্যে মন কিন্তু ভারাক্রান্ত। মনের মধ্যে কেবল রাধার সেই কথাগুলো যেন বারেবারে আঘাত হানছে। একবার ভাবছে যাকে কোনোদিন দেখিনি ,যার কথা কোনোদিন ভাবিনি ,আজ মন কেন বারেবারে তার কথাই ভাবছে কে জানে ? ওকে দেখে তো বোঝায় যায় না যে ওর মনে দুঃখের সাগরে ভর্তি। পথের দিকে খেয়াল নেই ,কে আসছে কে বা যাচ্ছে। এদিকে কনকনে শীতের রাতে মা বাড়িতে অপেক্ষা করছে। সেদিকে কিন্তু তার কোনোরূপ ভ্রুক্ষেপ নেই। মা যে তার জন্য বসে থাকতে পারে ,সে চিন্তা আজ তাকে আর কষ্ট দিতে পারছে না। শুধু রাধার কথা ভেবে ভেবে সে যে কখন বাড়ি চলে এসেছে সেদিকে খেয়াল নেই। মায়ের বেশ কয়েকবার ডাকবার পরে সে দেখে আমি তো বাড়িতে পৌঁছে গেছি। মা বলে ওঠে ,হ্যাঁরে মলয় তোর কি কিছু হয়েছে , যাত্রায় কোনো সমস্যা হয়েছে , না কারো সাথে ঝামেলা করেছিস ,কিছু বল ,বাবা তোর কিছু হলে আমরা যে মরে যাব।  

 মা তুমি খাবার খেয়ে নাও ,আমি কিছু খাব না।  আমার শরীরটা ভালো নেই শুয়ে পড়ছি। কাল সকালে উঠিয়ে দেবে কাজ আছে।  
তোর মতিগতি কিছু বুঝে উঠিনা বাপু ,কখন যে কি বলিস ,কি জানি ? দেখিস আবার কোনো বিপদ ঘটাস না। এই বলে মা রান্না ঘরে চলে যায়। 
 মলয় মা কে তো কোনোরকম বুঝিয়ে দিল কিন্তু মনের মধ্যে  যে ঝড় উঠেছে সে উত্তর যে  নিজের কাছেই নেই। মা কে  কি করে সে সহজে উত্তর দেবে। রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তাতে তো আর সমাধান হবে না। কারণ আজকে যে মধুর রোগে আক্রান্ত হয়েছে ,সে রোগের ওষুধ যে স্বয়ং শ্রীকৃঞ্চের কাছেও ছিল না। এই রোগের নাম প্রেম রোগ ,এই রোগের ওষুধ হল কেবল রাধারাণীর দর্শন। তাতেই হয়তো মলয় কিছুটা হলেও  স্বস্তি লাভ করবে। সে ভাবতো এতো দিন ধরে যে নমিতার কথা ভেবেছে ,সেটাই ছিল প্রেমের স্বরূপ। কিন্তু তাহলে এটা কি যা তার ধ্যান ,জ্ঞান হয়ে উঠেছে। রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাকে অসহায় করে তুলেছে ,এমন কি নিজের মা কেও মিথ্যা বলতে হচ্ছে। সারা রাত শুধু বিছানায় শুয়ে শুয়ে ভেবেছে আর নীরবে চোখের জলে বালিশ ভিজিয়েছে। কিন্তু  কোনো উত্তর মেলেনি শীতের কনকনে রাতের কাছে। 

ওদিকে নমিতা ও তার মা রাধার জন্য তার পছন্দের নানা রকম পদ রান্না করেছে। লুচি ,আলুর দম ,পায়েস ,মিষ্টি ,চাটনি ও পাঁপড় ভাজা। কিন্তু তার মনে খাবার স্বাদ যেন আজ তার প্রকৃত স্বাদে মন কেড়ে নিতে অক্ষম। চুপ করে বসে খাবারে হাত দিয়ে যেন বিকেলের হঠাৎ কেঁদে ওঠার কারণ খুঁজে চলেছে।ভেবে পাচ্ছে না যে মলয়দার নিকট কেন সে নিজেকে এভাবে উপস্থাপন করল। 

হঠাৎ মাসিমা বলে উঠল ,কি রে খাবার গুলো খা। একেবারে মনমরা হয়ে গেলি কেন ? বেশ বিকেল অব্দি ভালোই তো হাসি-খুশি ছিলি। নে খাবার গুলো খেয়ে নে ,কাল না হয় বাড়ি চলে যাবি। তুই তো ওদের কে সঙ্গে আনতে পারতিস ,একা কেন এলি। হ্যাঁ রে ওরা কেমন আছে ? ওদের কে একবার আসতে বলবি। সেই কবে এখানে এসেছিল যখন তুই গ্রামে থাকতিস। তখনি সব কিছু ভালো ছিল। এখন আর আগের মতো কিছুই নেই ,যেন প্রাণহীন মানুষগুলো পথে -ঘাটে হেঁটে বেড়াচ্ছে। কারো সঙ্গেই কোনো সু- সম্পর্ক নেই। একটা সময় ছিল আমরা পাঁচ  বোন বিয়ের আগে কতো মজা করেছি , আনন্দে কাটিয়েছি বহু সময়। তারপর বাবা এক এক করে সকলের বিয়ে দিয়ে দেন। প্রথমে বড়দির রানাঘাটের কলেজ পাড়ায় বিয়ে দেন। জামাই বাবু ছিলেন ওই কলেজের নাম করা প্রফেসার। তিনি ছেলে-মেয়েদের খুব সহজ ভাবে ইংরেজি পড়াতেন তাই সকলের কাছে খুব প্রিয় ছিলেন। 
 বলি তোদের মতো আমরা এতো বেশি মডার্ণ  ছিলাম না। কিন্তু মানুষ প্রিয় ছিলাম। প্রায় বড়দির বাড়ি আমরা তিন বোন বেড়াতে চলে যেতাম। আর জামাইবাবু আমাদেরকে কখনো বাসস্ট্যান্ড তো কখনো রেল স্টেশন থেকে নিয়ে যেতেন। নামতে না নামতেই বলতেন এই তোরা কি খাবি চল। ওখানে ব্যানার্জী সুইটসে দারুণ দারুণ মিষ্টি ,নোনতা নানা খাবার পাওয়া যেত। আমরাও জিলিপি ,রাবড়ি ,রসগোল্লা ,চমচম ,পানতোয়া ,মিহিদানা ,সীতাভোগ ,সিঙ্গাড়া ,কচুরি ,চপ পেট পুরে শুধু নয় মন ভরে খেতাম। জামাইবাবুও তেমনি দোকানে ঢুকেই ম্যানেজারকে বলে দিতেন এরা যা খেতে চায় খেতে দিন। বেশ ছিল সেই দিন গুলো ,জানিনা আবার কবে ফিরে আসবে আমাদের জীবনে। তারপর মেজদির বিয়ে হয়েছিল খুব ধুমধাম করে মেদিনীপুরের রামনগর গ্রামে। সেখানে আমরা বিয়ের সময় গিয়েছিলাম। খুব সুন্দর পরিবেশ ,চারিদিক নির্মল বাতাস ,কোনো দূষণের নাম গন্ধ নেই চারিদিকে। মাঠের পর মাঠ শুধু সবুজে ভরা। মানুষের মধ্যে এক নিবিড় সম্পর্ক যেন বিনি সুতোয় বাঁধা। মনেই হয়নি যে আমরা গ্রামের লোকজনের সাথে মেলামেশা করছি ,মনে হচ্ছিল কত দিনের চেনা। সারা গ্রাম জুড়ে যেন শুধু ভালোবাসার মায়াজালে আবদ্ধ সকলে। মেজো জামাইবাবু গ্রামের মানুষদের সেবা শুশ্রুষা করেন ,পেশায় নামকরা ডাক্তার। তিনিও খুব অমায়িক লোক ,মন দিয়ে মানুষের সেবা করেন। তারপরে আর কোনোদিন সেখানে যায়নি। তারপরে সেজদির বিয়ে হলো বর্ধমানের গোলাপবাগে এক বড়ো চালের ব্যবসায়ীর সাথে। তাদের অনেক ধন -সম্পত্তি ,বিশাল ধনী পরিবার। কিন্তু আমার বা আমাদের সাথে সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি কারণ খুব ব্যস্ত মানুষ তিনি। বাড়ির বাইরেই কাটিয়ে দেন সারাদিন। মানুষ হিসেবে একটু অন্যরকম কাজ প্রিয় মানুষ তিনি ,তাই খুব একটা বুঝ্তে পারি না। আর তোর মায়ের বিয়ে তোদের গ্রামে হল। ঠিক তারপর হঠাৎ একদিন তোর বাবা তার এক বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে হাজির। তোর বাবা তোর দাদুকে বলল খুব ছেলে ,বাড়িতে চাষবাস আছে ,কোনোকিছুর অভাব হবে না। আপনি শীঘ্রই বিয়ের ব্যবস্থা করুন। আর বলতে না বলতেই বাবাও আমার বিয়ে এই গ্রামে দিয়ে দেন। আর তখন থেকেই সংসারের চাপে ,চাষের কাজে বাপের বাড়ির কথা ভুলেই গেলাম। যাগ গে অনেক রাত হলো এবার শুয়ে পড়। 

রাত তো সত্যি অনেক ,বরাবর একা শোয়া রাধার অভ্যাস তাই সে পাশের রুমে শুয়ে পড়ল। নানা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। ভোর বেলা পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙল সকলের। সকলের বলতে রাধারাণী , মলয় ও নমিতার কথা বলছি। এদিকে যখন দুই বোন বাড়ির কাজে ব্যস্ত ঠিক সেই সময়ে মলয়ের আবির্ভাব। সাইকেলে চড়ে চলে এসেছে ঘুম কেড়ে নেওয়া মেয়েকে দেখতে। 

কোথায় গেলি তোরা ? এদিকে আয় ,দ্যাখ বকুলের দোকানের গরম গরম চপ আর জিলিপি এনেছি। 

 তাড়াতাড়ি দুই বোনে হাজির , বাবা কি সৌভাগ্য আমাদের আজকে। তুমি সকাল বেলা আমাদের জন্য খাবার এনেছো। কিছু কি ভালো খবর আছে মলয়দা ? না আমার পেত্নী বোনের টানে ছুটে এলে এখানে। 

না , না , তুমি আবার এর মধ্যে আমাকে টানছো কেন ? আমি কি কোনো স্বর্গের পরী ,যে তোমার মলয়দা আমার জন্য এখানে ছুটে আসবে। 

আরে ,হতেই পারে তা অবশ্য মলয়দা জানে। আমি ঠিক না তুই। 

তোমরা কে ঠিক আর কেই বা ভুল ? সে টার পিছনে না ছুটে টাটকা গরম খাবার গুলো তো খাও। আমি এতো কষ্ট করে আমার প্রিয় দোকান থেকে নিয়ে এলাম। 

আরে মলয় যে এত সকাল সকাল কি ব্যাপার ? নমিতার মা বলে উঠলেন। 

আসলে কাল তো আমি জানতাম না যে একজন অতিথি আমাদের মধ্যে এসেছেন ,তাই। 

যাক ,তাহলে মানলে তো যে আমার বোনের টানে ছুটে এসেছো। 

আরে , তুই না বার বার একই কথা বলে যাচ্ছিস , ভালো লাগে না। তুই বরং ভালো করে একটু মুড়ি মেখে নিয়ে আয়। অনেক দিন তোর হাতের মুড়িমাখা খায়নি।  

এই তোরা মলয়কে খাবার খেতে দে ,আমি একটু কুসুমদের বাড়ি থেকে আসছি। হ্যাঁ , ভালো কথা আজ দুপুরে আমাদের বাড়িতে তোমার নেমন্তন্ন রইল বাবা ,খেয়ে যেও। কিছু মনে করো না , বাড়িতে নেমন্তন্ন করলাম বলে। এই আসছি রে।
 
মা তো মা হয় ,তাঁর নেমন্তন্ন রক্ষা করা সন্তানের কর্তব্য। আমি অবশ্যই খাব ,একেবারে কব্জি ডুবিয়ে। 

রাধা আয় ,দ্যাখ কে এসেছে ? শুধু তাই নয় ,কি নিয়ে এসেছে ,দ্যাখ। তোর প্রিয় খাবার গুলোয় এনেছে। 

আসছি ,একটু দাঁড়ান নমিতাদেবী। আমার ফেসিয়ালটা কমপ্লিট করে নি।  তারপর বাইরে আসছি। 
বাইরে এসে দেখে সে একেবারে অবাক ,কল্পনাও করেনি যে তার মনের মধ্যে যে  বাসা তৈরী হতে চলেছে তার হবু মালিক এসেছে। জীবনে কখন যে কার কি পরীক্ষা নিয়ে থাকে তা মানুষের বোঝা কঠিন। ঈশ্বরের এই লীলা খেলায় আমরা ননীর পুতুল হয়েই রয়ে গেলাম ,যতই ভাবিনা কেন আমি এই করেছি বা করতে পারি সেটা অন্তিমে এসে ভুল প্রমাণ হয়ে যায়। 

কেমন আছেন মলয়বাবু ? গতকাল তো কিছু না বলেই চলে গেছেন। আপনার মামনি ভালো আছেন। জল খাবেন ,দেব। না ,চা খাবেন। 

আরে এতো ফর্মালিটিসের দরকার নেই। এখানে এসে বসো গল্প করি তোমার সাথে। গতকাল রাতে তোমার নিয়ে অনেক চিন্তা করেছি। যে একটা ছোট্ট মেয়ে কিভাবে সকলকে ছেড়ে একা থাকতে পারে ? পরিবারের লোকজনই কিভাবে সেটা মেনে নিতে পারে ? কারো মনে এক বিন্দুও কি মায়া ,মমতা ,ভালোবাসার অস্তিত্ব নেই।  জানিনা এখনো আমার ভাবতে কেমন যেন লাগছে। আমি তো আমার মা কে ছেড়ে এক মুহূর্ত কল্পনা করতে পারি না। 

কি ব্যাপার মলয়দা এসেই তো দেখছি গল্পের দোকান খুলে বসেছো ,এই না কি তোমার মাথায় একটা মাত্র মাথা আছে , তাহলে শেষে পেত্নীর পাল্লায় পড়লে তা হলে। পরে বলো না সাবধান করিনি। এই নাও মুড়ি মাখা , সর্ষের তেল ,চানাচুর ,শশাকুচি ,পেঁয়াজ , লঙ্কা সবকিছু দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। তার সাথে তোমার আনা গরম জিলিপি ও চপ প্লেটে করে আলাদা দিলাম  আর আমার হাতের ছোঁয়া ও মনের ভালোবাসা রইল। চা একটু পরে বানিয়ে দিচ্ছি স্যার। ম্যাডাম আপনিও আসুন আমাকে উদ্ধার করুন মুড়িমাখা খেয়ে। 

আর তুই খাবি না ? 

না। না খাব না ,আমার কাজ আছে। তোমরা খাও। মা দেখলে না ,দুপুরে তোমার খাওয়ার কথা বলে গেল। 

খেতে পারতিস এক সাথে। তিনজনে বেশ মজা হতো। 

না ,গো,তুমি খাও না ,সকাল থেকে খালি পেটে আছো তুমি ,লক্ষীটি খেয়ে নাও। 
কি করে তোমার সাথে বসে খাব জানিনা ,মনে আমার কু ডাকছে। না ,আমার মনের ভুল। কি জানি ,ঈশ্বরের কাছে শুধু প্রাথর্না করতেই পারি। কাল থেকে মনটা ভালো যে নেই নমিতার। তাই মনের মধ্যে নানা চিন্তা এসে যাচ্ছে। 

তুমি কি করে জানলে আমার মনের কথা ? যে আমি ঠিক এই খাবার গুলোই খেতে চাইছি ,তাও আবার তোমার সাথে বসে। সত্যি তুমি মনের ভাষা বুঝতে পারো ? এই যা ক্ষমা করে দেবেন। তুমি বলে সম্বোধন করে ফেলেছি। কিছু মনে করবেন না , জীবনের প্রথম ভুল ভেবে ক্ষমা করে দেবেন ,স্যার। আসলে এতদিন বেঁচেছি নীড়হারা পাখির মতো , কিন্তু জানিনা গতকাল রাত থেকে যেন বিনি সুতোর বাঁধনে আবদ্ধ হয়ে পড়ছি। জীবনে যেন রামধনুর রঙ গুলো একে একে আমার মনের দেওয়ালে আঘাত করছে। এতদিন রঙ সমন্ধে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। গতকাল যখন মনের কথাগুলো বলছিলাম ,আমি নিজেও জানিনা কেন ,বলছিলাম। আর কাকেই বা বলছিলাম। কিন্তু তার মধ্যেও এক অজানা সুখের অনুভূতি লাভ করছিলাম।  বললে ভুল হবে না যে এখনো মনের ভিতরে আনন্দের ঢেউ দোলা লাগছে অনবরত। মনে হচ্ছে আজ আমার নবজন্ম হলো ,নতুন প্রেমের পৃথিবীতে। প্রেম কি আমি জানি না ,কিন্তু অনেকের মুখে শুনেছি ,মোটা ,মোটা বইয়ে পড়েছি। হয়তো এটাই প্রেম ,আমার মনে সবচেয়ে পবিত্র সম্পর্কের নামই হলো প্রেম বা প্রেমের প্রথম অধ্যায়। আমার মরুভূমির জমিতে এতদিন শুধু মরীচিকার উদ্দ্যান ছিল কিন্তু কোথাও যেন গোলাপের সুবাস পাচ্ছি। সেটা কেন জানি না। ঈশ্বর আবার কি নতুন খেলা আমার জীবনে খেলতে চলেছেন।  চলুন খেতে শুরু করুন না হলে আমার বাজে বকা অভ্যাস বহু পুরনো গল্প। শেষে হয়তো দেখবেন খাওয়ায় হলো না। 

মলয় কিছুটা হলেও নমিতার কথায় আঘাত পেল। সে যে রাধার প্রতি ঝুঁকে পড়েছে , তা মনে হয় নমিতার বুঝতে অসুবিধা হয়নি। যতটা ভালোবেসে খাবারগুলো এনেছিল তার স্বাদ তেঁতো হতে শুরু হয়েছে। অবশেষে দুজনকেই খেতে হলো মুড়িমাখা ও গরম চপ - জিলিপি ,কিন্তু মন ভরলো না। ওদিকে কাজের বাহানায় চোখের জল পেঁয়াজের কাটার কাজে ব্যবহার করল নমিতাদেবী। ইচ্ছে না থাকলেও মলয় রাধার সাথে গল্প করতে লাগল। ভালো -মন্দ নিয়ে অনেক কথা দুজন দুজনকে বলে গেল। মনের জমানো ব্যথা বেদনা নিয়ে গভীর আলোচনায় দুজন মত্ত আর তার মধ্যেই মলয় হারিয়ে যাচ্ছে অতীতের সেই মধুর স্মৃতির ক্যানভাসে। যখন সে প্রথম দেখেছিল নমিতাকে বর্ষার বাদল দিনে। নমিতা একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল অবিরাম। পরনে ছিল গোলাপি রঙের পোশাক। কী অপরূপ দেখতে লাগছিল সেদিন তাকে, বৃষ্টির জলে যেন ফুটে বেরিয়ে আসছিল তার রূপ। নমিতা শৈশব থেকেই রূপে - গুনে পরিপূর্ণ। তার এই গুনের জন্য পাড়া -প্রতিবেশী একদিকে যেমন হিংসে করে ঠিক তেমনি নিজের সন্তানের হবু বৌ করার ইচ্ছেটাকেও সামলাতে পারে না। মলয়ের চোখ যেন থমকে গেছে চিরদিনের জন্য। যেন এর আগে সে কোনো মেয়েকে দেখেনি। সত্যি সে এভাবে এতো রূপবতী কন্যা কোথাও দেখতে পায়নি। তার জীবনে প্রথমবার কেউ বুকের ভিতরে বীণার সুর তুলেছে। সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে নি সেদিন। নিজের হাতের ছাতাটি তার মাথার উপর এসে ধরেছিল। কোনো কিছুর পরোয়া না করেই সে তার দু হাত দিয়ে আগলে রাখার চেষ্টা করেছিল। কিন্তু তার রূপে মুগ্ধ হয়ে বিভোর ভাবে তাকিয়ে ছিল। সে তার সবকিছু যেন মুহুর্তের মধ্যেই দিয়ে ফেলেছিল এই রূপসীকে। বহুবার ডাকার পরে তার চেতনা ফিরে পায়। তখন তার অবস্থা আরো কঠিন হয়ে দাঁড়ায় ,একদিকে বৃষ্টির হাত  থেকে বাঁচানো অপরদিকে নিজেকে সামলানো। দুটোই বহু কঠিন হয়ে দাঁড়ায় তার কাছে। তবু সে ওই অবস্থায় নিজেকে ও নমিতাকে বাঁচায়। অবশেষে সে স্বীকার করেই ফেলে যে নিরুপায় ,তার রূপে মুগ্ধ হয়ে নিজেকে অন্য এক জগতে হারিয়ে ফেলে। ভাবতে ভাবতে চোখ দিয়ে জল এসে গেল মলয়ের। 

এদিকে রাধার মনে বাসা বাঁধতে শুরু করেছে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন। শুরু হয়েছে বসন্তের পলাশের রঙিন জীবনের গল্প।শুরু হয়েছে তারই সাথে সাথে শিমুলের অপরূপ কাহিনী। সব মিলেমিশে রাধার মনে বসন্তের দোল উৎসব যেন এখন থেকেই শুরু হয়েছে। ভালোবাসার ছোঁয়ায় রাধার মনে প্রজাপতি যেন গোলাপের বাগানে গানে মত্ত হয়েছে। 

জীবনের বাগানে নানা ফুল ফোটে ,কেউ পায় ঈশ্বরের চরণ আবার কেউ গাছের ডালেই শুকিয়ে মরণকে করে বরণ। এভাবেই ঈশ্বরের লীলায় শুরু হয়ে গেল নতুন প্রেমের কাহিনী। যেখানে তিনটি জীবন না জানি কতো পরীক্ষার সমুখীন হবে ভবিষ্যতে কে জানে। আমরাও সেই ঈশ্বরের লীলা খেলারই অঙ্গ। হয়তো কেউ পায় ঈশ্বরের আশীর্বাদ আর কেউ বা পেয়ে থাকে দুঃখে -কষ্টে ভরা জীবনের সুবাদ। 

মুড়িমাখা খাওয়ার পরে মলয় তার সেই চির সাথী পুরানো সাইকেলে চড়ে চলল নিজের বাসস্থানের দিকে। আর এদিকে নমিতা নিজের মনে কাজ করতে লাগল দুপুরের খাবারের জন্য। খেয়ালই করেনি কখন মলয় বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। 
                                                                                                                               ক্ৰমশঃ 
...................................................০০০০০০০০০০০০০০০০০০০০০০০০।....................................


গল্পটি পড়ে অবশ্যই জানাবেন কেমন লাগল।  

https://monoranjantalks.blogspot.com/2023/05/little-story-radharani-by-monoranjan-das.html



    https://monoranjantalks.blogspot.com/2023/05/bengali-poem-kancha-aam-by-monoranjan.html

https://monoranjantalks.blogspot.com/2023/05/ghurnijhor-moka-or-mokha-by-monoranjan.html
 

1 comment: